আত্রাইয়ে শহীদ ফাহমিন স্মরণে গোলচত্বর
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ
নওগাঁর আত্রাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শহিদ ফাহমিন স্মরণে রংতুলির আচরে গোল চত্বর তৈরি করেছেন ছাত্র ছাত্রীরা। আত্রাই নদীর উপর নব-নির্মিত আত্রাই সেতুর দক্ষিণ বাইপাসে তারা শহীদ ফাহমিন স্মরণে রংতুলি দিয়ে “শহীদ ফাহমিন ” গোল চত্বর তৈরি করেছেন।
জানা যায়, বৈষম বিরোধী ছাত্র আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলন চলাকালীন আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের শেখ মো. আবু জাফর বাদশার জৈষ্ঠ পুত্র টঙ্গি সরকারী কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ফাহমিন জাফর গত ১৮ জুলাই ঢাকার উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। শহীদ শেখ ফাহমিন জাফর কোটা সংস্কার আন্দোলনে একজন প্রথম সারির শিক্ষার্থী ছিলেন।
তিনি নিহত হবার পরদিন ১৯ জুলাই তার নিজ গ্রাম উপজেলার তারাটিয়া গ্রামে তাটে সমাহিত করা হয়। এদিকে গত ৫ আগষ্ট ছাত্র জনতার বিজয় অর্জনের পর আত্রাইয়ে শহীদ ফাহমিনের স্মৃতি অম্লান রাখতে বিভিন্ন স্থানে স্থানে তার নামে ফলক তৈরির দাবি উঠে এলাকাবাসীর পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় গত সোমবার আত্রাইয়ের শিক্ষার্থীরা রংতুলি দিয়ে আত্রাই সেতুর দক্ষিণ বাইপাসে “শহীদ ফাহমিন ” গোল চত্বর তৈরি করেন।
ছাত্র অনিক, মেহেদী, আশিক ফায়সাল জানান রাস্তার যানজট নিরসনে এবং “শহীদ ফাহমিনের স্মৃতি অম্লান রাখতে এখানে “শহীদ ফাহমিন ” গোল চত্বর তৈরি করা হয়েছে। এ স্থানে যানজট নিরসন ও দুর্ঘটনা এড়াতে স্থায়ী গোল চত্বর নির্মাণ অতীব জরুরী বলে মনে করেন এলাকাবাসী।
