একতরফা নির্বাচন প্রতিহতের ঘোষণা গণতন্ত্র মঞ্চের


একতরফা নির্বাচন প্রতিহতের ঘোষণা গণতন্ত্র মঞ্চের
আগামী নির্বাচনকে একতরফার নির্বাচন উল্লেখ করে তা প্রতিহতের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। বুধবার রাজধানীর প্রেসক্লাব ও বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এই ঘোষণা দেন মঞ্চের নেতারা। তারা বলেন, দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন আয়োজনের নাটক মঞ্চায়ন করতে সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস, ককটেল সন্ত্রাসের মতো ঘৃণ্য পথ অবলম্বন করেছে। কিন্তু তাদের নিজেদের লোকেরাই বারবার নাটক জনগণের সামনে প্রকাশ করে দিয়েছে। বিগত ২৮ অক্টোবরের পর থেকে সরকার রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বিরামহীন সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছে। তাদের দলীয় সন্ত্রাসীদের দিয়ে অগ্নি সন্ত্রাস করছে। দলীয় গুন্ডাদের বাড়িতে বোমা বানানোর কারিগর দিয়ে বোমা বানিয়ে বিরোধী নেতাদের বাড়িতে হামলা করা হচ্ছে। আদালতকে ব্যবহার করে নজিরবিহীনভাবে রাতের বেলায় কোর্ট চালিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে ফরমায়েশি রায় দিয়ে সাজা ঘোষণা করেছে। বক্তারা বলেন, এখন তারা রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে হুমকি-ধামকি ও নানারকম লোভ-লালসা দিয়ে বিরোধী শিবির থেকে নেতাকর্মী ভাগিয়ে নির্বাচনে নেয়ার অপচেষ্টা করতেছে। কিন্তু এসব করে শেষ রক্ষা হবে না। এবার তারা কোনভাবেই ২০১৪ বা ২০১৮ সালের মতো বিনাভোটের কিংবা রাতের ভোটের নির্বাচন করতে পারবে না। বিরোধীদের ছোট একটা অংশকে যদি নির্বাচনের লোভ দেখিয়ে পাতানো ফাঁদে নিতেও পারে আর বাকিদের সবাইকেও যদি জেলে পুরে রাখে তারপরও বাংলাদেশের জনগণ এই অবৈধ সরকারের অধীনে নির্বাচনে যাবে না। যারা আজকে লোভে পড়ে নির্বাচনে অংশ নিবে জাতির সামনে বেঈমান, মীরজাফর ও দালাল হিসেবে প্রতিষ্ঠিত হবে। এসময় উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু প্রমুখ।