কিছু বিষয়কে বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত: মোকাব্বির খান


কিছু বিষয়কে বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত: মোকাব্বির খান
গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, এখনও জাতীয় সংসদে দুর্নীতিবাজ, অর্থপাচারকারী, লুটেরাদের জন্য ইনডেমনিটি আইন পাস হয়। এটা লজ্জার ব্যাপার। কিছু বিষয়কে বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত। জাতির পিতা বঙ্গবন্ধু, সংসদ, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সংবিধান এগুলো নিয়ে প্রশ্ন তুললে চরম বেঈমানী হবে। রোববার জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে উত্থাপন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার জাতীয় সংসদে স্মারক বক্তব্য দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মোকাব্বির খান বলেন, মুক্তিযুদ্ধের প্রেরণা ছিল ৭০ এর নির্বাচন। তখন পশ্চিম পাকিস্তানের নিয়ন্ত্রণে ছিল নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচনে প্রাদেশিক পরিষধে ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতে জয় পেয়েছিল আওয়ামী লীগ। ওই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠেনি। ১৯৭৩ সালের নির্বাচন নিয়েও কেউ প্রশ্ন তুলেনি। ১৯৭৫ সালের পর বৈধ অবৈধ কোনো সরকারের আমলে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়নি দাবি করে তিনি বলেন, ‘কখনো সংবিধান কাটছাট, কখনো হা না ভোট, কখনো ব্যালট বাক্স চুরি, কখনো এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার, কখনো আগের রাতে ভোট চুরি ইত্যাদি ইত্যাদি। এই অপবাদ থেকে বাদ পড়েননি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও।’