কুমিল্লার ১১টি আসনে ৯৩৫ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
অনলাইন নিউজ ডেক্স
কুমিল্লার ১১টি সংসদীয় আসনের ১ হাজার ৪৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৯৩৫টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ৩৭১টি ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থীসহ ২২টি রাজনৈতিক দলের ৯৩ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭ জানুয়ারি জেলার ১ হাজার ৪৩৫টি ভোটকেন্দ্রের ৯ হাজার ৩৮৮টি কক্ষে ভোটগ্রহণ হবে। এতে ১ হাজার ৪৩৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৯ হাজার ৩০০ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১৮ হাজার ৬০০ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ভোটার সংখ্যা ৪৬ লাখ ৬ হাজার ১৯৬। এর মধ্যে পুরুষ ভোটার ২৩ লাখ ৬৬ হাজার ২৬৪ জন ও নারী ভোটার ২২ লাখ ৩৯ হাজার ৯০৬ জন।
কুমিল্লা-১১ (লাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই) আসনের ১৮৭টি ভোটকেন্দ্রের মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ ৮৭টি, ঝুঁকিপূর্ণ ৫৫টি ও সাধারণ কেন্দ্র ৪৫টি। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১২৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৮টি বেশি ঝুঁকিপূর্ণ, ৪১টি ঝুঁকিপূর্ণ ও ১৬টি সাধারণ ভোটকেন্দ্র। কুমিল্লা-৬ (সদর) আসনে ১৫২টি ভোটকেন্দ্রের মধ্যে ৪০টি বেশি ঝুঁকিপূর্ণ, ৭৭টি ঝুঁকিপূর্ণ ও ৩৫টি সাধারণ ভোটকেন্দ্র।
নির্বাচনে ভোটকেন্দ্রে ৩ হাজার ৮৮২ জন পুলিশের সদস্য থাকবেন। র্যাবের সদস্য থাকবেন ২৩০ জন। ৩২ প্লাটুনে ৬৮২ জন বিজিবির সদস্য টহল দেবেন। কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের সদস্যরা মাঠে থাকবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন ৫৫ জন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন ২৫ জন।
ভোটের দিন রেললাইন পাহারায় ৯৪টি পয়েন্টে ১৭ হাজার ৫৪০ জন আনসার সদস্য কাজ করবেন। প্রতিটি উপজেলায় দুটি করে স্ট্রাইকিং ফোর্স থাকবে। কুমিল্লা মহানগরে চারটি স্ট্রাইকিং ফোর্স থাকবে। প্রতি ভোটকেন্দ্রে দুজন পুলিশ ও দুজন আনসার সদস্যের কাছে অস্ত্র থাকবে।
রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, জেলার সব আসনে সকালে ব্যালট পেপার যাবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম এবং বিশৃঙ্খলা হলে ভোট বন্ধ করে দেওয়া হবে। কাউকে ভোটকেন্দ্রে আসতে বাধা দিলেও কঠোর শাস্তি দেওয়া হবে।
তিনি বলেন, এর আগে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১১ জন প্রার্থীর বিরুদ্ধে ১১২টি অভিযোগ জমা পড়েছে। ২ জানুয়ারি পর্যন্ত ১৩৯টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ছয়টি ও মেঘনা উপজেলায় চারটি দুর্গম ভোটকেন্দ্র আছে। এসব ভোট কেন্দ্র নিয়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
