কেন্দুয়ায় ধান ভাঙ্গাতে গিয়ে গৃহবধূর করুণ মৃত্যু


কেন্দুয়ায় ধান ভাঙ্গাতে গিয়ে গৃহবধূর করুণ মৃত্যু
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় ধান ভাঙ্গানোর মেশিনের ফিতায় চুল আটকে খোদেজা আক্তার(৪৮) নামের এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২ সেপ্টেম্বর) সকালে ৯নং নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি গ্রামে। নিহত খোদেজা আক্তার মাইজকান্দি গ্রামের লাল মিয়ার স্ত্রী। স্বামী লাল মিয়া জানান, শনিবার সকালে ধান ভাঙ্গানোর জন্য গ্রামের বকুল মেম্বারের ধান ভাঙ্গানোর মেশিনে নিয়ে যাই, সহযোগীতা জন্য স্ত্রী খোদেজাও আমার সাথে আসে। ধান ভাঙ্গানোর শেষ পর্যায়ে মেশিনের নিচ থেকে কুড়া সরাতে গিয়ে আমার স্ত্রীর অসতর্কতায় মেশিনের ফিতায় মাথার চুল আটকে খুলির উপরের অংশ আলাদা হয়ে যায়। তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী লাল মিয়া বলেন কারো প্রতি আমার কোন অভিযোগ নেই, এটি একটি দুর্ঘটনা মাত্র। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মাহফুজুর রহমান জয় জানান, মাথার খুলির উপরের অংশ প্রায় বিচ্ছিন্ন অবস্থায় খোদেজা আক্তারকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা এবং এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে। উপজেলার নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসার বলেন মেশিনের ফিতায় চুল আটকে মাইজকান্দি গ্রামের লাল মিয়ার স্ত্রীর করুণ মৃত্যু হয়েছে যা খুবই মর্মান্তিক, দুঃখজনক, আমি মর্মাহত। কেন্দুয়া থানার উপপরিদর্শক দেবাশীষ চন্দ্র দাস গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি। মাইজকান্দি গ্রামের শিক্ষক (রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত)আবুল হাসেম বলেন, লাশ থানায় আছে, পরিবারের অভিযোগ নাই। আমরা স্বজনরা লাশ বাড়িতে নিয়ে দাফন করবো।