কেন্দুয়ায় পুলিশের সুধী সমাবেশ অনুষ্ঠিত
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্য বিয়ে মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়া থানা পুলিশের আয়োজনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৩০ মে) দুপুরে পৌরশহরের সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান জাকির আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। তিনি বলেন, যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ সব সময় তৎপর রয়েছে। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদানের লক্ষ্যে জাতীয় হেল্পলাইন ৯৯৯ এর আদলে নেত্রকোণায় ‘হ্যালো এসপি’ জরুরি সেবা চালু রয়েছে। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাজিব হোসেন, কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া, সাধারণ সম্পাদক পৌর মেয়র আসাদুল হক ভূইয়া, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি কামরুল হাসান ভূইয়া, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক আসাদুল করিম মামুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা প্রমুখ। সমাবেশে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার নের্তৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
