কোরআনের হাফেজের লাশ মিলল পুকুরে
অনলাইন নিউজ ডেক্স
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে হাফিজুর রহমান চৌধুরী নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌরসভার লুদুরপুর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
কোরআনের হাফেজ হাফিজুর রহমান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাগপাশা ইউনিয়নের খাগাপাশা গ্রামের ফজলুল রহমান চৌধুরীর ছেলে।
এসব তথ্য জানিয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধারের খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (শান্তিগঞ্জ-জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুরের লুদুরপুর এলাকার আব্দুল ওয়াদুদ দুলু মিয়ার বাড়িতে মাহে রমজান উপলক্ষে পারিবারিকভাবে তারাবির নামাজ পড়ানোর জন্য হাফিজুর রহমানকে (২০) নিয়োগ করা হয়। গত বৃহস্পতিবার আছরের নামাজের পর থেকে তাঁর খোঁজ পাওয়া যায়নি। পরে হাফিজুরের গ্রামের বাড়িতে খবর দেওয়া হয়। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার বিকেলে বাড়ির পুকুর থেকে হাফিজুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
