ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার


ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার
রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে নতুন করে ফের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা হয়েছে। রোববার ক্রিমিয়ায় রাশিয়ার নিযুক্ত গভর্নর সের্গেই আকসোনোভ এমন দাবি করে বলেছেন, এগুলো ভূপাতিত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে ছোড়া হয়েছে সেটি পরিষ্কার করেননি আকসোনোভ। রুশ এই কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ায় চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই এগুলো ভূপাতিত করা হয়েছে। টেলিগ্রামে দেওয়া পোস্টে গভর্নর সের্গেই আকসোনোভ আরও জানিয়েছেন, এ হামলায় কোনো ক্ষয়ক্ষতি অথবা হতাহতের ঘটনা ঘটেনি। তবে হামলার পর রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়ার সংযোগ ঘটানো ক্রিমিয়া ব্রিজটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় রাশিয়ার নিযুক্ত কর্মকর্তা ভ্লাদিমির রোঘোভ টেলিগ্রামে এ ব্যাপারে বলেন, ‘ক্রিমিয়া ব্রিজের দুই পাশে যান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।’ এর কিছুক্ষণ পর ক্রিমিয়ার পরিবহনমন্ত্রী নিকোলাই লুকাশেঙ্কো জানান, যান চলাচল আবারো শুরু হয়েছে। ১৭ কিলোমিটারেরও বেশি লম্বা ক্রিমিয়া ব্রিজটিতে ২০২২ সালের অক্টোবরে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এতে ব্রিজটি সাময়িক সময়ের জন্য ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। ২০১৪ সালে বিনা রক্তপাতে ক্রিমিয়া দখলের পর উপদ্বীপটি অধিগ্রহণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর বিলিয়ন ডলার খরচ করে তৈরি করেন ক্রিমিয়া ব্রিজ।