ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তায় বিএনপির টিম গঠন
অনলাইন নিউজ ডেক্স
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে খুলনা ও বরিশাল বিভাগের আক্রান্ত ও দুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষদের সহায়তার লক্ষ্যে টিম গঠন করেছে বিএনপি। শুক্রবার বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির সদস্যসচিব ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির সভা হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু।
সভা পরিচালনা করেন প্রচার সম্পাদক ও কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির সদস্য সচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সভায় ৪৫ সদস্যের উপস্থিতিতে সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে খুলনা ও বরিশাল বিভাগের আক্রান্ত ও দুর্গত এলাকায় ক্ষয়ক্ষতি নিয়ে সার্বিক আলোচনা হয়। খুলনা ও বরিশাল বিভাগীয় উপ-কমিটি গঠন করা হয়।
এ দুই বিভাগের ক্ষতিগ্রস্ত এলাকার জন্য টিম গঠন করে সরেজমিনে যাওয়া এবং ঘূর্ণিঝড়ের আঘাতে আহত, নিহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য-সহযোগিতা করা হবে। এছাড়াও কেন্দ্রীয় অর্থ-কমিটি গঠন করা হয়েছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশন, ড্যাব ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকদের সমন্বয়ে মেডিকেল টিম গঠন এবং বিশুদ্ধ পানি, স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত এলাকায় বিতরণ করা হবে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় বিএনপির সাবেক এবং বর্তমান জনপ্রতিনিধি এবং স্থানীয় নেতাদের সমন্বয়ে একাধিক টিম গঠন করা হবে।
