টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে যে রেকর্ড গড়ল টাইগাররা


টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে যে রেকর্ড গড়ল টাইগাররা
আবারও ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। যুক্তরাষ্ট্রের মতো আইসিসির সহযোগী সদস্য দলের বিপক্ষে আবারও হারল টাইগাররা। একদিনের ব্যবধানে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে সিরিজ হাতছাড়া করল সাকিব-শান্তরা। টানা দুই ম্যাচে হেরে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম দল হিসেবে ১০০তম হারের লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ। ২০০৬ সালের পর থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৬৮ ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দর। তার মধ্যে মাত্র ৬৮ ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। আর রেকর্ড ১০০ ম্যাচে হেরে গেছে। টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে ১০০ ম্যাচে হারের বাজে রেকর্ড গড়ল টাইগাররা। বাংলাদেশের চেয়ে এত বেশি পরাজয় নেই অন্য কোনো দলের। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারের দিকে থেকে বাংলাদেশের পরেই আছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আর একবারের চ্যাম্পিয়ন শ্রীলংকা। ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ১৯৩ ম্যাচে অংশ নিয়ে হেরে গেছে ৯৯টিতে। আর ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন শ্রীলংকা ১৮৯ ম্যাচ খেলে হেরেছে ৯৮টিতে। জিম্বাবুয়ে ১৪৫ ম্যাচে অংশ নিয়ে হেরেছে ৯৫টিতে। নিউজিল্যান্ড টি-টোয়েন্টিতে ২১৬ ম্যাচে খেলে হেরেছে ৯০টিতে। পাকিস্তান ২৩৯ ম্যাচে অংশ নিয়ে হেরেছে ৮৯টিতে।