ঢাকা বার আইনজীবী ফোরামের ভোটের ফলাফল বাতিলের দাবি
অনলাইন নিউজ ডেক্স
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি, বহিরাগত দ্বারা ব্যালট পেপার ছিনতাই, জাল ভোট প্রদানের অভিযোগ এনে ফলাফল বাতিল ও পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ঢাকা বার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঐক্য প্যানেল (নীল প্যানেল)।
শনিবার সন্ধ্যায় নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান আইনজীবীরা।
লিখিত বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী খোরশেদ মিয়া আলম বলেন, নির্বাচনের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার কমিশন সদস্য নিয়োগে আইনজীবী সমিতির সংবিধান লঙ্ঘন করেছেন। ঢাকা আইনজীবী সমিতির সংবিধান অনুযায়ী-১২০ জন কমিশন সদস্য কমিশনের নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু বেআইনিভাবে ১৪৯ জন কমিশন সদস্য নিয়োগ করেন।
তিনি আরও বলেন, দুই দিনে ৯ হাজার ৬৩৫টি ভোটগ্রহণের ঘোষণা করা হয়। কিন্তু ভোটবাক্স খোলার পর ভোট গণনা করে আট হাজার ৬৮৬টি ভোট পাওয়া যায়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সভাপতি মোহসীন মিয়া, ইকবাল হোসেন, ঢাকা বারের সাবেক সম্পাদক ও আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন ফকির প্রমুখ।
