‘নির্বাচন বর্জন’: বিভ্রান্তির দূর করতে ডাকা সংবাদ সম্মেলনে যা বললেন আব্বাস


‘নির্বাচন বর্জন’: বিভ্রান্তির দূর করতে ডাকা সংবাদ সম্মেলনে যা বললেন আব্বাস
বিএনপির নির্বাচন বর্জন প্রসঙ্গে দেওয়া বক্তব্য কিছু গণমাধ্যমে যেভাবে এসেছে তা দলে ‘বিভ্রান্তি সৃষ্টি হতে পারে’ জানিয়ে সাংবাদিকদের ডেকে ব্যাখ্যা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার দুপুরে ঢাকার শাহজানপুরের নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন তিনি। বলেন, দুয়েকটি ‘সরকার সমর্থিত’ সংবাদপত্র আমার বক্তব্যের খণ্ডিত অংশ বিকৃতভাবে তুলে ধরেছে। তাতে আমার আমার দলের এবং দেশের অনেক মানুষ একটু বিভ্রান্ত হতে পারে। বিভ্রান্তি কাটানোর লক্ষ্যে আজকে আমার এই সংবাদ ব্রিফিং। আব্বাস বলেন, ‘‘কারাগার থেকে মুক্তির পর গত পরশু দিন আমি একটি কর্মসূচিতে অংশ নিই। সেই কর্মসূচি ছিল লিফলেট বিতরণের। ‘ওই কর্মসূচিতে আমার বক্তব্যটা ছিল এ রকম, ‘আওয়ামী লীগ জনগণের কোনো দাবি মেনে নেয়নি। ফলে বিএনপি নির্বাচনে যায়নি। জনগণের দাবি যদি মেনে নিত, বিএনপি নির্বাচনে যেত। ’ আব্বাস বলেন, এই বক্তব্যটাই কয়েকটি পত্রিকা টুইস্ট করেচে। বহু কথাবার্তা বলছে তারা। বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, সেজন্য আজকে আমি আপনাকে এখানে এটা পরিষ্কার করলাম। তিনি বলেন, সরকার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি ও সমমনা দলগুলোকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করেছে, আমি সেটাই বলতে চেয়েছিলাম। কিন্তু আমার এই বক্তব্যকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে বিভ্রান্তি সৃষ্টি হয়। গত শনিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কর্মসূচিতে নির্বাচন বর্জন নিয়েও বক্তব্য রাখেন মির্জা আব্বাস। সেই বক্তব্য গণমাধ্যমে আসার পর দলের ভেতরে বাইরে নানা প্রতিক্রিয়া হয়। গত ২৮ অক্টোবর সংঘর্ষের দিন গ্রেপ্তারের পর ১৯ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান তিনি। এরপর সেটিই ছিল প্রথম রাজনৈতিক কর্মসূচি।