নৌকার পক্ষে গণজোয়ার, লিটনের নেতৃত্বে বিশাল মিছিল
অনলাইন নিউজ ডেক্স
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহীতে বিশাল প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে নগরীর জয় বাংলা চত্বর থেকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিশাল প্রচার মিছিল বের করা হয়।
মিছিলটি সাহেববাজার জিরোপয়েন্ট হয়ে কুমাড়পাড়া দলীয় কার্যালয় ঘুরে আরডিএ মার্কেটের সামনে দিয়ে মনিচত্বর ঘুরে সোনাদিঘি হয়ে পুনরায় জয় বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ও নৌকার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় অংশগ্রহণকারীরা বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন।
শেষ প্রচার মিছিল শুরুর পূর্বে জয়বাংলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাটি জনসমুদ্রে পরিণত হয়।
সভায় বক্তব্য দেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, রাজশাহীতে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ জয়বাংলা চত্বরে জমায়েত হয়েছেন। প্রচার-প্রচারণায় মানুষের যে সাড়া পেয়েছি, ২১ জুন নৌকার বিজয় হবে ইনশাল্লাহ।
খায়রুজ্জামান লিটন বলেন, পিছিয়ে পড়া রাজশাহী এখন অনেক এগিয়ে গেছে। রাজশাহীকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, রাজশাহীকে বদলে দিয়েছি। পরিচ্ছন্ন, সবুজ, শান্তির শহর রাজশাহীর পালকে আরেকটি অর্জন আগামীতে যোগ হবে সেটি হলো কর্মসংস্থান। আগামী ৫ বছরে ৪০ থেকে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।
পথসভা ও প্রচার মিছিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল। পথসভায় বক্তব্য দেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আকতার রেণী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, আওয়ামী লীগের বন ও পরিবেষ বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু।
প্রচার মিছিল ও পথসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদাত হোসেন, তবিবুর রহমান শেখ, নাইমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাসহ হাজার হাজার মানুষ অংশ নেন।
