নৌকার সমর্থককে গুলি করে হত্যা, অপরজনকে পিটিয়ে আহত।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সিগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থককে গুলি ও আরেকজনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে একই আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থকদের বিরুদ্ধে। বুধবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের নৌকার ক্যাম্পে এই হামলা ঘটনা ঘটে। এতে ডালিম (৩৫) নামের নৌকার এক সমর্থক গুলিবিদ্ধ হয় ও সোহেল (৩২) নামের আরেক সমর্থককে পিটিয়ে গুরুতর আহত করা হয়।স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহতদের রাতেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। গুলিবিদ্ধ ডালিমের অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেলে পাঠায় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা। ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুলিবিদ্ধ নৌকার সমর্থক ডালিম।এর আগে আহতরা দৈনিক ডোনেট বাংলাদেশ কে জানায়, মুন্সীকান্দি এলাকার নৌকার ক্যাম্পে অবস্থানের সময় কাঁচি প্রতীকের সমর্থক সোহাগ ও শিপন নামের দুই ব্যক্তির নেতৃত্বে ১০ জনের একটি দল হঠাৎ নৌকার ক্যাম্প লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয় নৌকার সমর্থক ডালিম।পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম দৈনিক ডোনেট বাংলাদেশ কে জানান,ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।অন্যদিকে মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান গুলিবিদ্ধ ডালিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে তিনি দৈনিক ডোনেট বাংলাদেশ কে বলেন, রাতে গুলি বৃদ্ধ অবস্থায় ডালিমকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান তিনি।
