প্রতি ৯৯০ জনের জন্য হাসপাতালে একটি শয্যা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী


প্রতি ৯৯০ জনের জন্য হাসপাতালে একটি শয্যা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, দেশে সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে প্রতি ৯৯০ জনের জন্য একটি শয্যা রয়েছে। এছাড়াও দেশে প্রতি ৫০ জনের বিপরীতে সরকারি হাসপাতালে শয্যা সংখ্যা শূন্য দশমিক ০২১১টি। বৃহস্পতিবার জাতীয় সংসদে বিএম আনিছুজ্জামানের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে পর্যায়ক্রমে বেড সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। ২০২২ সালের হেলথ বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে সরকারি শয্যা সংখ্যা ৭১ হাজার ৬৬০টি এবং বেসরকারি শয্যা সংখ্যা ৯৯ হাজার ৯৭৫টি। সর্বমোট ১ লাখ ৭১ হাজার ৬৭৫টি শয্যা। সে অনুযায়ী প্রতি ৯৯০ জনের বিপরীতে একটি শয্যা রয়েছে। বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হকের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদ-সদস্যরা যদি তার সঙ্গে থাকেন, তাহলে অবশ্যই তিনি অবৈধ ক্লিনিক বন্ধ করতে পারবেন। তিনি সংসদ-সদস্যদের নিজ নিজ এলাকায় যেসব ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার আছে, সেখানে সব সুযোগ-সুবিধা আছে কি না, লাইসেন্স আছে কি না, এসব দেখার আহ্বান জানান। মন্ত্রী বলেন, তিনি সব হাসপাতাল বন্ধের পক্ষে না। যেখানে প্রয়োজনীয় সরঞ্জাম থাকা উচিত এবং আছে, সেসব হাসপাতাল থাকবে। এইচএম বদিউজ্জামানের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি সব বিভাগে গিয়ে হাসপাতালগুলোতে কী কী সমস্যা আছে, তা চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা করবেন। তিনি বিশ্বাস করেন, প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা নিশ্চিত করা গেলে ঢাকা ও চট্টগ্রামের মতো শহরে রোগীর ভিড় হবে না, মাটিতে শুয়ে থাকতে হবে না।