প্রহসনের নির্বাচনি তফশিল ঘোষণা জনগণ মেনে নেবে না: গণতন্ত্র মঞ্চ


প্রহসনের নির্বাচনি তফশিল ঘোষণা জনগণ মেনে নেবে না: গণতন্ত্র মঞ্চ
সরকার একতরফা নির্বাচনের আয়োজনের চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। নির্বাচন কমিশনসহ প্রশাসনের সবাইকে গণদাবির পক্ষে থাকার আহ্বান জানাই, অন্যথায় তাদের জনগণের কাঠগড়ায় বিচারের মুখোমুখি হতে হবে৷ প্রহসনের নির্বাচনি তফসিল ঘোষণা জনগণ মেনে নেবে না। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবরোধের সমর্থনে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এ কথা বলেন। বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা জোট ও দলগুলোর ৫ম দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে মিছিলটি পুরোনা পল্টন রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ের সামনে থেকে শুরু করে বিজয়নগর হয়ে পুরানা পল্টন ঘুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন মঞ্চের নেতারা। এ সময় নাগরিক ঐক্যর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এস এম এ কবীর হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন। মিছিল-সমাবেশে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দীন পাটোয়ারী, নাগরিক ঐক্য\'র প্রেসিডিয়াম সদস্য মোফাখারুল ইসলাম নবাব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ প্রমুখ। সমাবেশে নেতারা বলেন, বাংলাদেশের নির্বাচন কমিশন দেশের সংবিধান অনুযায়ী জনগণের কাছে দায়বদ্ধ, কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর কাছে নয়। তারা নিজেরাই কয়েকদিন আগে বলেছেন, দেশে নির্বাচন আয়োজনের পরিবেশ নাই। তাই তাদের কাছে আহ্বান, তারা যেনো সাংবিধানিক এখতিয়ার পালনের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণার মতো হটকারিতায় না যায়, কারণ সেটা হবে জাতির আকাঙ্ক্ষার সঙ্গে বেঈমানি।