বিটিসিএলের সম্পদের লাভজনক ব্যবহার নিশ্চিত করতে হবে: পলক


বিটিসিএলের সম্পদের লাভজনক ব্যবহার নিশ্চিত করতে হবে: পলক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট ব্যবস্থাপনার মাধ্যমে বিটিসিএলের সম্পদের লাভজনক ব্যবহার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সারা দেশে বিটিসিএলের অব্যবহৃত জমির সুষ্ঠু ব্যবহার, কলিং অ্যাপ আলাপ-এর সেবার মান বৃদ্ধির মাধ্যমে গ্রাহক বৃদ্ধি, ব্রডব্যান্ড ইন্টারনেট জীবনের সেবার আওতাবৃদ্ধি এবং অন্যন্য অবকাঠামোর পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে হবে। দক্ষতার সঙ্গে স্মার্ট ব্যবস্থাপনার মাধ্যমে বিটিসিএলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সুযোগ কাজে লাগানোর জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। ঢাকায় টেলিযোগাযোগ ভবন মিলনায়তনে বৃহস্পতিবার বিটিসিএলের কার্যক্রম পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। চীনের নিজস্ব সোস্যাল মিডিয়া উইচ্যাট, দক্ষিণ কোরিয়ার ক্যাকোটক ইত্যাদির ন্যায় বাংলাদেশের নিজস্ব একটি সামাজিক যোগাযোগ প্লাটফর্ম গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, কলিং অ্যাপ আলাপকে জনপ্রিয় করার পাশাপাশি জাতীয় সোশ্যাল প্লাটফর্ম তৈরি করার যথেষ্ট সুযোগ আমাদের রয়েছে। বিটিসিএলের আলাপ, জীবন এবং অব্যাবহৃত ভূমি ও অবকাঠামো কাজে লাগাতে পারলে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা সম্ভব। তিনি বলেন, আলাপের অগ্রগতিতে আমি খুশি, কিন্তু সন্তুষ্ট নই। তিনি আলাপের গ্রাহক সংখ্যা বৃদ্ধির জন্য মার্কেটিং ও সার্ভিসিং এ দুটির ঘাটতি রয়েছে।