ব্যবসা করতে হলে দেশের আইন মেনে করতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
অনলাইন নিউজ ডেক্স
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ব্যবসা করতে হলে দেশের আইন মেনে করতে হবে। উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত বাজারে একটা শৃঙ্খলা আনতে চায় সরকার। তাই সমস্যা চিহ্নিত করে তা সমাধান করা হবে।
সোমবার রাজধানীর শান্তিনগর বাজার পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
রশিদ ছাড়া পণ্য ক্রয়-বিক্রয় না করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোন পণ্যের দাম কত হওয়া উচিত তা নিশ্চিত করতে হবে। তেলের শুল্ক কমানো হলেও বাজারে তা বাস্তবায়নে ঘাটতি আছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। যেসব মিল ১৬৩ টাকায় সয়াবিন তেল বাজারে দেয়নি, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, ট্রেড লাইসেন্স ছাড়া কেউ ব্যবসা করতে পারবে না। পাইকারি ও খুচরা বিক্রেতাদেরও লাইসেন্স দেওয়া হবে। লাইসেন্সবিহীন কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না।
আহসানুল ইসলাম বলেন, বিকল্প ব্যবস্থা করে মৌসুমি বা এক রাতের ব্যবসায়ীদের আর ব্যবসা করতে দেওয়া হবে না।