মন ভালো নেই পাপনের


মন ভালো নেই পাপনের
সাম্প্রতিক সময়ে খুব অস্বস্তিকর সময় পার করছে বাংলাদেশের ক্রিকেট। সবকিছু মিলিয়ে মন ভালো থাকার কথা না বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের। রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম নারী টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের হতাশা লুকাতে পারলেন না বোর্ড সভাপতি। আগের দিন আফগানিস্তানের বিপক্ষে পুরুষ দলের সিরিজ হারের বেদনা। এর আগে তামিম ইকবালের অবসর নিয়ে তাকে বেশ ঝামেলাই পোহাতে হয়েছে। এরপর রোববার বাংলাদেশ নারী দল ভারতের কাছে হেরেছে বড় ব্যবধানে। যেই ম্যাচ দেখতে মিরপুরে এসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টানা দুইদিন হেরেছে বাংলাদেশের দুই দল। স্টেডিয়াম ছাড়ার সময়ে বিসিবি সভাপতির কাছে জানতে চাওয়া হয়, দুই দলের পারফরম্যান্সে মন খারাপ? উত্তরে বিসিবি সভাপতি জানান, কেবল তারই নয়, সারা দেশের মানুষেরই মন খারাপ। যদিও তিনি মেয়েদের পারফরম্যান্সের হতাশ নন, \'মন তো খারাপ হবেই, এটা সবারই। সারা দেশের মানুষেরই মন খারাপ। মেয়েদের খেলায় আমি একেবারে হতাশ নই।\' এ সময় ছেলেদের ম্যাচ নিয়ে তিনি বলেন, \'ওটা ঠিক হবে। অবশ্যই ঠিক হবে।\' নারী দলকে নিয়ে পাপন বলেন, \'আজকে প্রথম তো (মিরপুরে মেয়েদের ম্যাচ)। ওদের সঙ্গে যখন আমাদের দেখা হয়েছিল, ওরা বলেছিল মিরপুরে আমাদের হোম অব ক্রিকেটে কোনো ম্যাচ খেলেনি। ওদের একটা খুব শখ ছিল। আমি বলেছি ঠিক আছে, পরেরবারই হবে। ভারত নারী দল অনেক শক্তিশালী। সেরা তিন দলের একটি আমার ধারণা। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অনেক শক্তিশালী। তারপরও ভালো খেলেছে, ভালো খেলবে ইনশাআল্লাহ। আমরা তো ওই পরিমাণ সুযোগ-সুবিধা ওদের দিতে পারি না। ওরা যেরকম পায়। ওদের সম্ভাবনা খুবই ভালো।\' ভারতের বিপক্ষে সিরিজে স্পন্সর নেই। দর্শকদের ফ্রিতে প্রবেশের সুযোগ থাকলেও মাঠে ততটা দেখা যায়নি। এ নিয়ে পাপন বলেন, \'মেয়েদের ক্রিকেটে অনেক দেশেই হয়। কিন্তু আমাদের দেশে এটা নাই। দর্শক টানার মতো পরিস্থিতিতে নাই।\'