মাগুরায় চিয়াসীড চাষের উদ্বোধন করলেন জেলা প্রশাসক, মোহাম্মদ আবু নাসের বেগ
আনিছুর রহমান, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা
মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের নড়িহাটি গ্রামের কৃষক ফারুক আহমেদ এর জমিতে চিয়াসীড বপনের মাধ্যমে হাজীপুর ইউনিয়নে চিয়াসীড চাষের উদ্বোধন করেছেন মাগুরা জেলা প্রশাসক,মোহাম্মদ আবু নাসের বেগ।
মঙ্গলবার (২৮ নভেম্বর ফারুক আহমেদ এর কৃষি জমির পাশে এ সংক্রান্ত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এলাকার কৃষক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
ফারুক আহমেদ এবার ৫০ শতক জমিতে চিয়াসীড এবং ২০ শতক জমিতে কালোজিরার আবাদ করছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন যে, চিয়াসীডকে একটি সুপার ফুড (Super Food) হিসেবে গণ্য করা হয়। এর কারণ হলো চিয়াসীডের পুষ্টি উপাদান অন্যান্য খাদ্যের পুষ্টি উপাদানের চেয়ে অনেক বেশি। আমাদের দেশে বর্তমানে এটি জনপ্রিয়তা পাচ্ছে। গবেষনায় দেখা যায় যে, মাগুরা জেলার মাটি চিয়াসীড চাষের জন্য অত্যন্ত উপযোগী। গেলো বছর তিনি কৃষকদের চিয়াসীড চাষের জন্য উদ্বুদ্ধ করেন এবং কৃষকরা এর উৎপাদনে ভাল ফলাফল পান। এ বছরও তিনি উদ্বুদ্ধ করে চলছেন। তাই কৃষি বিভাগসহ সবাইকে নিয়ে এখানে এসেছেন। তিনি এ সময় সবাইকে চিয়াসীড ও কালোজিরা খাবার হিসেবে গ্রহণের আহবান জানান। একই সাথে যেসব কৃষক বা উদ্যোক্তা এই চিয়াসীড ও কালোজিরা উৎপাদন ও বিপণনের সাথে জড়িত তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করারও আশ্বাস প্রদান করেন।
