মাগুরায় যাত্রীবাহী বাসে আগুন
মোঃ সাহিদুল ইসলাম নয়ন, জেলা প্রতিনিধি মাগুরা
মাগুরা শহরের ভায়না মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে হরতাল সমর্থনকারীদের বিরুদ্ধে। একই সময় একাধিক সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে। আর রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হামলাকারীরা সেখানে বেশ কয়েকটা ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস এসে বাসের আগুন নেভায়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে গিয়ে বিক্ষোভ মিছিল করে। তার আগে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনার কিছু আগে বাসস্ট্যান্ড এলাকায় যশোর থেকে ফরিদপুরগামী একটি বাসে হামলা চালানো হয়। তবে সেখানে কেউ আহত হয়নি।
এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।