মালয়েশিয়ায় কাজ না পাওয়ায় পুলিশের কাছে ৪ বাংলাদেশি
অনলাইন নিউজ ডেক্স
মালয়েশিয়ায় আসার পর কোনো কাজ বা বেতন না দেওয়ায় কোম্পানির বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন চার বাংলাদেশি। দেশটির রাজধানী কুয়ালালামপুরের সেন্টুল পুলিশ স্টেশনে মঙ্গলবার রাতে এ অভিযোগ করেন।
তারা চারজন জানিয়েছেন, ১৬১ জন বাংলাদেশি এ কোম্পানিতে আসার পর থেকে কাজ এবং বেতন ছাড়া অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। সাত মাসের বেশি হয়ে গেছে এবং আমরা এখনো বেকার। আমাদের কাছে খাবার কেনার টাকা নেই। আমাদের পাসপোর্ট কোম্পানির মালিকরা আটকে রেখেছে। এ পাসপোর্ট পেতে তাদের প্রত্যেককে ৬০০০ মালয়েশিয়ান রিঙ্গিত দিতে হবে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
পুলিশ স্টেশনে তাদের সঙ্গে পার্টি সোসিয়ালিস মালয়েশিয়ার প্রতিনিধিরা ছিলেন, যারা অভিবাসী অধিকার কর্মী অ্যান্ডি হলের সঙ্গে তাদের আইনি ও মানবিক সহায়তার জন্য কাজ করছেন।
গত মাসে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এবং মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম বলেছিলেন, যে নিয়োগকারীরা তাদের কর্মীদের পাসপোর্ট আটকে রাখে এবং তাদের মজুরি দিতে ব্যর্থ হয় তাদের অবশ্যই ইমিগ্রেশন আইন এবং কর্মসংস্থান আইনে ব্যবস্থা নেওয়া হবে।