রাতে শপথ নিয়ে সকালেই অফিসে এসে যা বললেন মোদি


রাতে শপথ নিয়ে সকালেই অফিসে এসে যা বললেন মোদি
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রোববার রাতে শপথ নিয়ে সোমবার সকালেই নিজ দপ্তরে চলে এলেন নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে নরেন্দ্র মোদি প্রথম যে ফাইলটিতে সই করলেন, সেটি কৃষকদের স্বার্থের সঙ্গে জড়িত৷ ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, এদিন প্রধানমন্ত্রীর দফতরে গিয়েই কিষান নিধি প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ ফাইলে সই করেন নরেন্দ্র মোদি৷ এর ফলে এখন ১৭তম কিস্তির টাকা পাবেন কিষান নিধি প্রকল্পে নথিভুক্ত কৃষকরা৷এতে উপকৃত হবেন প্রায় সাড়ে ৯ কোটি কৃষক৷ সরকারি কোষাগার থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে মোট ২০ হাজার কোটি টাকা৷ কিষান নিধি প্রকল্পের ফাইলে সই করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘কৃষকদের উন্নয়নে আমাদের সরকার সর্বদা নিয়োজিত৷ দায়িত্ব নেওয়ার পর তাই কৃষকদের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত ফাইলে সই করাই যথাযথ৷ ভবিষ্যতেও আমরা কৃষক এবং কৃষিক্ষেত্রের জন্য আরও বেশি করে কাজ করতে চাই৷’ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে এই কিষান নিধি প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার৷ প্রকল্পের নথিভুক্ত কৃষকরা চার মাস পরপর দুই হাজার (২,০০০/-) টাকা করে বছরে তিন বারে তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট ছয় হাজার (৬,০০০/-) টাকা পাবেন৷ এর আগে, রোববার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও আরও ৭১ জন মন্ত্রী শপথ নেন৷ তাদের মধ্যে ৩৪ জনই গত মন্ত্রিসভার সদস্য৷ নিয়ম অনুযায়ী, প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর রাষ্ট্রপতিকে সংসদের অধিবেশন ডাকার জন্য অনুরোধ করা হবে৷ ওই অধিবেশনেই সংসদের দুই কক্ষকে উদ্দেশ্য করে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ সূত্র: জিনিউজ।