রানীশংকৈলে সড়ক দূর্ঘটনায় পিতার সামনে পুত্রের মর্মান্তিক মৃত্যু
একে আজাদ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পাওয়ার ট্রলি থেকে পড়ে মো. রাফি ইসলাম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ এপ্রিল) সকালে ৬নং কাশিপুর ইউনিয়নের টাঙ্গাগোজ (বলঞ্চা) গ্রামে এ ঘটনা ঘটে ।
নিহত শিশু রাফি ইসলাম টাঙ্গাগোজ বলঞ্চা গ্রামের বকুল ইসলাম ও রেনু আক্তার দম্পতির একমাত্র ছেলে।
জানা যায়,ওই দম্পতির এক ছেলে ও এক মেয়ে। মেয়ে বড়, ছেলে রাফি ইসলাম ছোট। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে শোকে কাতর বাবা মাসহ পরিবার।
নিহতের দাদা দবিরুল ইসলাম বলেন, বাড়ির কাজের জন্য আমাদের নিজস্ব পাওয়ার ট্রলি যোগে মাটি নিয়ে আসার জন্য আমি ও আমার আরেক ছেলে কাজে গেলে রাফি তার চাচার সঙ্গে যায়। এ সময় মাটিসহ ট্রলি নিয়ে ফেরার পথে রাফি বসে থাকা ট্রলির উপর থেকে পড়ে যায় এবং ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে প্রাণ হারান।
নিজের চোখের সামনে রাফির এমন মৃত্যু দেখে দিশেহারা দাদা, চাচাও। পরে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পরিবারের ও স্থানীয়য়দের কারো কোন অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে লাশের দাফন কার্য সম্পাদনের জন্য অনুমতি দেন।
এ সময় কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল ইসলাম বকুল, সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাহফুজ রহমান,ওয়ার্ড ইউপি সদস্যসহ স্থনীয়রা উপস্থিত ছিলেন।
