রুমিকে বিএনপি থেকে বহিষ্কার


রুমিকে বিএনপি থেকে বহিষ্কার
বিএনপির দলীয় নির্দেশনা না মেনে ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ৫ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নেওয়ায় ফারহানা দিল আফরোজ রুমিকে বহিষ্কার করা হয়েছে। বুধবার দলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি পত্রে বলা হয়েছে, নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হলো। ফারহানা দিল আফরোজ রুমি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। প্রজাপতি প্রতীক নিয়ে ৫ জুন নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিচ্ছেন তিনি। এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু (মোটরসাইকেল) ও আরেক প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি রোকনুজ্জামান রিন্টু (আনারস)। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন পুরুষ- বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোকাদ্দেস (টিয়াপাখী), উপজেলা যুবলীগের সভাপতি কারুজ্জামান নিপন (বই) ও মেহেদী হাসান (মিনার)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা (কলস), উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান ফারহানা দিল আফরোজ রুমি (প্রজাপতি), উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রিনা খাতুন (ফুটবল)।