শালিখায় নৌকার প্রার্থী ড. শ্রী বীরেন শিকদারের গণজোয়ার সৃষ্টি


শালিখায় নৌকার প্রার্থী ড. শ্রী বীরেন শিকদারের গণজোয়ার সৃষ্টি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা-২ আসনে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। গত ১৯ ডিসেম্বর থেকে উপজেলার ধনেশ্বরগাতী, শতখালী, গঙ্গারামপুর, বুনাগাতী, আড়পাড়া, শালিখা, তালখড়ি ইউনিয়নসহ বিভিন্ন পথসভায় ও জনসভায় গণসংযোগ করে চলেছেন, মাগুরা-২ (মহম্মদপুর-শালিখা, মাগুরা সদর ৪ইউনিয়ন) থেকে টানা পঞ্চম বারের মতো নৌকা পাওয়া এ অঞ্চলের উন্নয়নের রূপকার ড. বীরেন শিকদার। নৌকাকে বিজয়ী করতে উপজেলা আওয়ামী লীগের পক্ষথেকে প্রতিটি ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করে চলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় নির্বাচনী প্রচারণায় ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে বুনাগাতী ডিগ্রী কলেজ মাঠে বুনাগতী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও বুনাগাতী ইউপি চেয়ারম্যান বক্তিয়ার উদ্দিন লস্কর এর সভাপতিত্বে এবং ইউনিয়ান আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় ড. শ্রী বীরেন শিকদার বলেন, আমার নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনা কোন প্রতিপক্ষকে তোয়াক্কা করে না। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যারা আমাদের বিপক্ষে ছিল তাদেরকে যেমন ভয় পায় না, তেমনি আমাদের গোপন প্রতিপক্ষকেও শেখ হাসিনা ভয় পায় না। ওই সমস্ত প্রতিপক্ষের বিরুদ্ধে আমরা জয়ী হব। বিএনপি নির্বাচনে আসে নাই, তারা বলছে নির্বাচন হয়তো হয়ে যাবে, আওয়ামী লীগ সরকারও গঠন করবে, কিন্তু তারা দেশ চালাতে পারবে না। তারা মনে করেছিল আন্তর্জাতিক চাপে আমরা দেশ চালাতে পারবো না কিন্তু ঠিকই আমরা পাঁচ বছর দেশ চালিয়েছি। আর এবার যে নির্বাচন করছি এই নির্বাচনে আমরা জয়লাভ করবো এবং আমরা আগামী পাঁচ বছর সরকার পরিচালনা করব। বিএনপি, জামাত, জাতীয় পার্টি ২৬ বছর ক্ষমতায় থেকে যা করতে পারে নাই আমরা ২০ বছর ক্ষমতায় থেকে সে কাজ করে দেখিয়েছি। আমরা পদ্মা সেতু করেছি, পায়রা সমুদ্র বন্দর তৈরি করেছি, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু ট্যানেল যা এশিয়া মহাদেশের ভিতরে নাই। তিনি আরও বলেন, আমরা বঙ্গবন্ধুর কর্মী, আমরা শেখ হাসিনার কর্মী, আমাদের প্রতিহত করার ক্ষমতা কারো নাই। শেখ হাসিনা আমাদের সামনে আছে শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নাই। আগামী ৭ জানুয়ারি নির্বাচন সুষ্ঠু, সুন্দর,শান্তিপুর্ন, অংশগ্রহণমূলক হবে, এ নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে। শেখ হাসিনা আমাদের জন্য যা করেছে এজন্য জনগণের কাছে আমাদের ভোট চাওয়ার অধিকার আছে। বিএনপি ভোট কেন্দ্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে। এর জন্য আমাদের প্রত্যেকের ভোটকেন্দ্রে যেতে হবে এবং শতভাগ ভোট নিশ্চিত করতে হবে। এ সময় আরো বক্তব্য রাখেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাসুদেব কুন্ডু, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা প্রমূখ।