শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না: রিজভী
অনলাইন নিউজ ডেক্স
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (ঢাকা বার) আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এমন মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য এদেশের সব জনগণ, কৃষক-শ্রমিক, ছাত্র-পেশাজীবীরা রাজপথে নামছে। আপনি (শেখ হাসিনা) বলেছেন বিদেশিদের কথায় আপনি মাথা নত করবেন না। যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জনগণ রাস্তায় নামবে তখন আপনি আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তাদের রুখে দেবেন- এই জন্য মাথা উঁচু করে থাকবেন। যদি সুষ্ঠু নির্বাচনের কথা বলা হয়, নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথা বলা হয়, রাতের ভোট দিনে করতে বলা হয়- তাহলে আপনি তাদের কাছে মাথা নত করবেন না।
বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বার মিলনায়তনে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আইনজীবী নেতা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- অ্যাডভোকেট ফারুক আহমেদ ফারুকি, মো. বোরহান উদ্দিন, মো. খোরশেদ আলম, মো. মহসিন মিয়া, মো. গোলাম মোস্তফা খান, মো. ইকবাল হোসেন, মো. মকবুল হোসেন ফকির, মো. আব্দুল্লাহ মাহমুদ হাসান, মোহাম্মদ মোসলেহ উদ্দিন জসিম, মো. আজিজুল ইসলাম খান বাচ্চু, মো. হোসেন আলী খান ও হাসান মো. হযরত আলী প্রমুখ।
রিজভী বলেন, ২০১৪ সালের নির্বাচনের আগে ওবায়দুল কাদের বলেছিলেন তাদের নেত্রী সুষ্ঠু নির্বাচন করবেন। আমরা দেখেছি সেই নির্বাচনে তারা একচেটিয়া ভোট করেছে। অনেক বড় বড় দল সে নির্বাচনে অংশগ্রহণ করেনি। তারপরে বললেন তারা একটা মধ্যবর্তী নির্বাচন করবে। কিন্ত করেনি। এরপর ২০১৮ সালে মধ্যরাতে নির্বাচন করল।
বিএনপির এই নেতা বলেন, ১৯৮৬ সালে শেখ হাসিনা বলেছিলেন যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। ২৪ ঘণ্টা যেতে না যেতেই তিনি জাতীয় বেঈমান হলেন। এরশাদের সঙ্গে নির্বাচনে গেলেন। জনগণের প্রতি শেখ হাসিনার অঙ্গীকারের কোনো নিশ্চয়তা নেই। এটা দেশবাসী দেখেছে। অপরদিকে জিয়াউর রহমানের কথা ও কাজ খালেদা জিয়ার কথা ও কাজ সঠিক প্রমাণিত হয়েছে। এটাও দেশবাসী দেখেছে।
তিনি আরও বলেন, আজ সবাই একমত শেখ হাসিনার অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। শেখ হাসিনা প্রমাণ করেছেন তার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তার অধীনে দিনের ভোট রাতে হয়। সেইজন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আওয়ামী লীগ সরকারের পতনে একটি চূড়ান্ত আঘাত হানতে হবে।
