সরকারই সিন্ডিকেট, সিন্ডিকেটই সরকার: মান্না


সরকারই সিন্ডিকেট, সিন্ডিকেটই সরকার: মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সরকার দ্রব্যমূল্য কমাতে পারবে না। কারণ, এরাই সিন্ডিকেট। আর সিন্ডিকেটই সরকার।’ মঙ্গলবার রাজধানীর মৌচাক মোড়ে নাগরিক ঐক্যের উদ্যোগে গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচিতে তিনি একথা বলেন। মান্না বলেন, ‘স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। দেশের জনগণকে জালিম সরকারের হাত থেকে মুক্ত করেই ফিরব। ঢাকা মহানগরের সব থানা থেকে শুরু করে সারা দেশে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য এই গণস্বাক্ষর কর্মসূচি চালিয়ে যাব। পাশাপাশি সরকারের অবৈধ ক্ষমতাকে চ্যালেঞ্জ করার কর্মসূচিও থাকবে।’ তিনি বলেন, ‘আগামী ১৬ ফেব্রুয়ারি গণতন্ত্র মঞ্চের উদ্যোগে সরকারের লুটপাট এবং ব্যাংক ধ্বংসের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে। ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ তারিখ পর্যন্ত যাত্রাবাড়ী, শনির আখড়া, ফার্মগেট, খামারবাড়িতে এবং ২৩ ও ২৪ ফেব্রুয়ারি খিলগাঁওতে নাগরিক ঐক্যের গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হবে। ২০ থেকে ২২ ফেব্রুয়ারি ভাষা দিবসের কর্মসূচি থাকবে। এর মানে বার্তা পরিষ্কার, আমরা তোমাকে মানছি না, রাজপথ ছাড়ছি না। তোমাকে যেতে হবে।’ মান্না আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। ব্যাংক ব্যবস্থা ধ্বংস করেছে। বাংলাদেশ ব্যাংকে ডলার নাই, ব্যাংকে টাকা নাই। আর সরকারের কাছেও টাকা নাই।’ কর্মসূচিতে আরও বক্তব্য দেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।