পাকিস্তান ক্রিকেটের ভাগ্য নির্ধারক ‘বুড়ো’রা
অনলাইন নিউজ ডেক্স
আফগানিস্তানে নারীদের ওপর কড়াকড়ি নির্দেশনা থাকায় গত বছর সিরিজ বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই ঘাটতি পুষিয়ে নিতে ২৪ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে আফগানরা।
আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত সেই দলে রাখা হয়নি পাকিস্তানের নিয়মিত অধিনায়ক বাবর আজম, তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি, ওপেনার ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ানের মতো তারকাদের।
অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়া শাদাব খানকে অধিনায়ক করে দল ঘোষণা করায় পিসিবির সিদ্ধান্তে ক্ষুব্ধ সাবেক তারকা ক্রিকেটার রশিদ লতিফ।
গত বছর ২০২২ স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন বাবর ও ২০২১ সালে একই পুরস্কার জয়ী শাহিন আফ্রিদিকে আফগান সিরিজের দলে না রাখায় পিসিবি চেয়ারম্যান প্রধান নাজাম শেঠি, প্রধান নির্বাচক হারুন রশিদকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রশিদ লতিফ।
তিনি বলেন, দীর্ঘদিন পর আমাদের খেলোয়াড়দের আইসিসি র্যাং কিংয়ে দেখা যাচ্ছে। পুরস্কারও তারা জিতছে। বাবর ও শাহিন আইসিসি পুরস্কার জিতেছে। তাদের (পিসিবি) এটা হজম হচ্ছে না। তাদের দাবি যে তারা তা হতে দেবেন না এবং এখন থেকে সিদ্ধান্ত তারাই নেবেন।
রশিদ লতিফ আরও বলেন, ৭০-৮০ বছর বয়সী যাদের বিশ্রাম নেওয়া দরকার, তারাই এখন পাকিস্তান ক্রিকেটের ভাগ্য নির্ধারণ করছে। আমাদের দল এখন শান্তিতে ঘুমাচ্ছে এটা আপনারা বলতেই পারেন।
