মুন্সীগঞ্জে সেচ্ছাসেবক লীগের সহ সভাপতিকে কুপিয়ে জখম।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো: জসিম মোল্লাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ।মাদক বিকিকিনিতে বাঁধা দেয়ায় আজ শনিবার (২৭ মে) দুপুরে মুন্সীগঞ্জ শহরের কাটাখালি বাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে আহত জসিম মোল্লা জানান। গুরুতর আহত সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জসিম মোল্লাকে (৩৭) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জসিম মোল্লা সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের গুহেরকান্দি গ্রামের মোস্তফা মোল্লার ছেলে।আহত জসিম মোল্লা বলেন, শহরের কাটাখালি বাজার এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবিকি করছিলো নিরব ও ফয়সালসহ কয়েকজন। এ সময়ে গ্রামের লোকজন সহ আমি বাধা দেই । তখন তারা চলে যায় । কিছুক্ষন পরে হঠাৎ করে শহরের মাদক ব্যবসায়ী নিরব ও ফয়সাল ওরফে টুন্ডা ফয়সাল এর নেতৃত্ব আমার উপর হামলা চালায়।
নিরবের নেতৃত্বে ফয়সালসহ ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল আমাকে ধারালো অস্ত্র দিয়ে শরীর বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। পরে আমার চিৎকারে আশপাশের থাকা স্থানীরা এগিয়ে আসলে হামলাকারী মাদক বিক্রেতারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।আহত জসিম মোল্লার বাবা মোস্তফা মোল্লা বলেন, এই ঘটনায় আমরা থানায় অভিযোগ দায়েরের জন্য প্রস্তুতি নিচ্ছি।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন চেয়ারম্যান আফসার উদ্দিন ভূঁইয়া বলেন ,হামলাকারীরা মাদক বিক্রি করায় জসিম বাধা দিতো। এ নিয়ে ওদের সাথে বিরোধ ছিল। আজ স্থানীয় একটি ভাঙ্গা সেতুতে হামলাকারীরা গাড়ি নিয়ে উঠতে চাইলে স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জসিম তাদের গাড়ি নিয়ে উঠতে বারণ করায় তার উপরে এই হামলার ঘটনা ঘটে।মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান বলেন, এখনো অভিযোগ দায়ের করেছে কিনা বলতে পারি না। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নিবো।
