‘ফখরুল সিংহাসন ফিরে পাওয়ার দিবাস্বপ্ন দেখলেও কোনো লাখ হবে না’- ওবায়দুল কাদের।
ভুপাল চন্দ্র রায়, জেলা সংবাদদাতা, নওগাঁ, রাজশাহী
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ময়ূর সিংহাসন হারিয়ে ফেলেছে। এখন সেই সিংহাসন ফিরে পেতে মির্জা ফখরুল দিবাস্বপ্ন দেখা শুরু করেছেন। কিন্তু তাতে কোনো লাভ হবে না।
আজ রোববার (০৪ জুন) দুপুরে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল। বিদেশিদের কাছে রোজ রোজ নালিশ করা ছাড়া এখন আর তাদের কোনো কাজ নেই। তাতে ঘোড়ার ডিম ছাড়া কিছুই জোটে না বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের মতো প্রধানমন্ত্রীও কষ্ট পাচ্ছেন। এসব সংকট সমাধানে আওয়ামী লীগ সরকার দিন-রাত কাজ করছে। দেশে-দেশে যুদ্ধ আর সংকটের কারণেই এমনটা হচ্ছে।
নওগাঁ শহরের নওজোয়ান মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আব্দুল জলিলের ছেলে সদর আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনসহ স্থানীয় এমপি ও আওয়ামী লীগ নেতারা বক্তব্য দেন।
এর আগে প্রয়াত আব্দুল জলিলের গ্রামের বাড়ি শহরের চকপ্রাণে কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
