রাবির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতাদের স্মরণ


রাবির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতাদের স্মরণ
নানান আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘স্বপ্ন গড়ার সাত দশক’ শীর্ষক বিভিন্ন কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। এদিন সকাল ১০টা ৫ মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন চত্বরে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলের পতাকা উত্তোলন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য (উপ-উপাচার্য) অধ্যাপক সুলতান-উল-ইসলাম জাতীয় পতাকা, উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং প্রাধ্যক্ষরা নিজ নিজ হলের পতাকা উত্তোলন করেন। এরপর শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্বোধন করা হয়। এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহা, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ সিন্ডিকেট সদস্য, ডিন ও বিভিন্ন বিভাগের সভাপতি উপস্থিত ছিলেন। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবাস বাংলাদেশ চত্বরে গাছের চারাও রোপণ করেন রুটিন উপাচার্য এবং উপ-উপাচার্য। রুটিন উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাত দশক ধরে সমাজে ও বিশ্বে উচ্চশিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে গৌরবময় ভূমিকা পালন করে যাচ্ছে। উচ্চশিক্ষার বিস্তারে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোক্তাদের অবদান সদা স্মরণীয়। সাত দশক ধরে দেশে জ্ঞানের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সবার উচিত হবে, একে ধারণ ও লালন করা। বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে সকলকে আরও যত্নবান হতে আহবান জানান তিনি। এদিকে বিশ্ববিদ্যালয়ের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত দশক: স্মৃতি সত্তা বর্তমান’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এর মোড়ক উন্মোচন করা হয়। বইটির রচয়িতা রাবির বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহা। উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রুটিন উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে আলোচক ছিলেন, ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম। চার অধ্যায়ে বিন্যস্ত ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত দশক: স্মৃতি সত্তা বর্তমান’ শীর্ষক গ্রন্থটির প্রবন্ধসমূহে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষা ও গবেষণা এবং প্রাসঙ্গিক বিষয়ে লেখকের ভাবনা ও পর্যবেক্ষণ সম্পর্কে অভিমত তুলে ধরা হয়েছে।