নওগাঁর নিয়ামতপুরে বিদ্যুৎ স্পর্শে ইউপি সদস্যের মৃত্যু।


নওগাঁর নিয়ামতপুরে বিদ্যুৎ স্পর্শে ইউপি সদস্যের মৃত্যু।
নওগাঁর নিয়ামতপুরে বিদ্যুৎ স্পর্শে রবিউল ইসলাম (৩৫) নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার ৮ জুলাই সকাল সোয়া ৮ টার দিকে উপজেলার পাড়ইল ইউনিয়নের গন্ধশাইল গ্রামে তার নিজ নামীয় এসটিডাব্লিউ (অগভীর নলকূপ) ঘরে এ ঘটনা ঘটে। রবিউল ইসলাম উপজেলার পাড়ইল ইউনিয়নের গন্ধশাইল গ্রামের শরিফুদ্দিনের ছেলে ও অত্র ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। নিহতের ভাই শহিদুল ইসলাম (৪৫) জানান, রবিউল ইসলাম ৮ জুলাই শনিবার সকাল সোয়া ৮টার দিকে গ্রাম থেকে ৫শ মিটার দূরে তার নিজ নামীয় এসটিডাব্লিউ (অগভীর নলকূপ) এর ঘরে যান বৈদ্যুতিক সংযোগ মেরামতের জন্য। সে সময় বৈদ্যুতিক শক খেলে তিনি আত্মচিৎকার করে উঠেন। আমরা তার চিৎকারের শব্দ পেলে দৌড়ে সেখানে গিয়ে দেখি সে মাটিতে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। আমরা তাকে সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম জানান, বিদ্যুৎ স্পর্শে ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। কারো কোন অভিযোগ নেই। তাই মরদেহের কোন ময়না তদন্ত করা হবে না। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।