নাটোরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেফতার
অনলাইন নিউজ ডেক্স
নাটোরের নলডাঙ্গায় এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে আজাদ মন্ডল (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার(১৯ জুলাই) বিকেলে উপজেলার পূর্ব মাধনগর (মৃধাপাড়া) থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আজাদ মন্ডল(৪০) উপজেলার একই এলাকার মৃত ছাবের মন্ডলের ছেলে।
নলডাঙ্গা থানার কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, গত সোমবার (১০জুলাই) বিকেলে ১২ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশু বাড়ির পাশে খেলছিল। এসময় কৌশলে অভিযুক্ত আজাদ মন্ডল ওই শিশুকে তার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায়। এই ঘটনার পর শিশুটি মন খারাপ করে বাড়িতে যায়। পরেদিন শিশুটির মা তাকে খেলতে যাওয়ার কথা বললে শিশুটি তার মা ও দাদিকে ঘটনা খুলে বলে। এরপর ওই শিশুর বাবা থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযোগ আমলে নিয়ে বুধবার বিকেলে অভিযুক্ত আজাদকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। অভিযুক্তকে সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।