ছাত্রলীগ কর্মী মনা হত্যা রহস্য উদ্ঘাটনে গিয়ে মিলল অস্ত্র তৈরির কারখানা


ছাত্রলীগ কর্মী মনা হত্যা রহস্য উদ্ঘাটনে গিয়ে মিলল অস্ত্র তৈরির কারখানা
পাবনার ঈশ্বরদীর চাঞ্চল্যকর ছাত্রলীগ কর্মী তাসফির আহমেদ মনা হত্যার রহস্য উদঘাটন হয়েছে। এ সংক্রান্ত তদন্ত করতে গিয়ে ঈশ্বরদীতে একটি অস্ত্র তৈরির কারখানা খুঁজে পেয়েছে পুলিশ। এ ব্যাপারে ১২ জন আসামি গ্রেফতার ও ৩টি আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র তৈরির অনেক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সোমবার পাবনা জেলা পুলিশ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে। মামলার বর্ণনায় জানা যায়, গত ১৭ জুন ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের এমপি মার্কেটে ছাত্রলীগ কর্মী মনা (৩২) খুন হন। এ ঘটনায় তার মা মোছা. নাহিদা আক্তার লিপি ১৯ জুন ঈশ্বরদী থানায় মামলা করেন। ঈশ্বরদী থানা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে হত্যাকাণ্ডের অন্যতম মূলহোতা এবং হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী আসামি অনিককে গ্রেফতার করে। অনিকের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঢাকা, গাজীপুর, কুষ্টিয়া এবং পাবনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী আসামি মানিকসহ আরও ৯ জনকে গ্রেফতার করা হয়। পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী জানান, অভিযানের সময় ঈশ্বরদী পৌরশহরের জিগাতলা এলাকায় মানিক ও অনিকের ভাড়া বাসায় ১টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আসামিদের দেওয়া তথ্যমতে- কারখানাটিতে অত্যাধুনিক অস্ত্র তৈরি করা হতো; যা পরবর্তীতে বিভিন্ন অপরাধ সংঘটনে ব্যবহার এবং অস্ত্র ব্যবসা করা হতো।