নাটোরে বিএনপির নেতাকে গুলি


নাটোরে বিএনপির নেতাকে গুলি
নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম আফতাবকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জেলা বিএনপির অন্যতম সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপির নেতা দেওয়ান শাহীন জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে স্টেশন বাজারে হরতাল পালনে তার নিজ বাড়ির সামনে সাইফুল ইসলাম আফতাব দাঁড়িয়েছিলেন। এসময় ২০/২৫টি মোটরসাইকেলে যোগে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ৩টি গুলি করে। এতে ২টি গুলি আফতাবের শরীরে বিদ্ধ হলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকাৎসাধীন অবস্থায় রয়েছেন। নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি শুনেছি। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জেনেছি। এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি।