মাগুরায় চোর সন্দেহে পিটিয়ে হত্যা
মোঃ সাহিদুল ইসলাম নয়ন, জেলা প্রতিনিধি মাগুরা
মাগুরা সদর উপজেলায় গরু চোর সন্দেহে কাজল মুন্সী (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কাজল জগদল ইউনিয়নের আজমপুর গ্রামের লোকমান মুন্সীর ছেলে। শুক্রবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে মগুরা সদর উপজেলা ছোনপুর গ্রামে কাজলকে গণপিটুনি দেওয়া হয় বলে জানা গেছে।
নিহতের চাচাতো ভাই রমজান আলী বলেছেন, আমরা শুনেছি যে পাশের মঘি ইউনিয়নের শেখ পাড়া এলাকার কহিনুর বিশ্বাসের বাড়িতে গরু চুরি করতে গিয়েছিল কাজলসহ অন্যরা। গোয়াল ঘরের তালা কেটে গরু নিয়ে আসার পথে ছোনপুর এলাকায় স্থানীয় লোকজন টের পেয়ে ধাওয়া করে। এ সময় দুজন মোটসাইকেলে করে পালিয়ে গেলেও কাজল মাঠের মধ্যে দৌড় দেয়। পরে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে গুরুতর আহত হয় সে। তার পুরো শরীরে আঘাতের চিহ্ন আছে। গ্রাম পুলিশের সহযোগিতায় শনিবার সকালে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক কাজলকে মৃত ঘোষণা করেন।
মঘি ইউনিয়নের শেখ পাড়া গ্রামের কৃষক কহিনুর বিশ্বাস বলেছেন, গভীর রাতে আমার গোয়াল ঘরের তালা কেটে গরু নিয়ে পালিয়ে যাচ্ছিল চোরেরা। এ সময় ছোনপুর গ্রামে চিৎকার শোনা যায়। সকালে মঘির মাঠে গরু দুটি পেয়েছি। তবে, রাতের আঁধারে কে বা কারা কাজলকে মেরেছে, আমি জানি না।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান বলেছেন, সদর উপজেলা ছোনপুর গ্রামে গণপিটুনির শিকার হওয়া এক ব্যক্তি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার লাশ মর্গে আছে। তাকে কে বা কারা হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
