পর্যাপ্ত গ্যাস পেলে আবাসিকে সংযোগ: পেট্রোবাংলা চেয়ারম্যান


পর্যাপ্ত গ্যাস পেলে আবাসিকে সংযোগ: পেট্রোবাংলা চেয়ারম্যান
পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেছেন, রাষ্ট্রের গুরুত্ব বিবেচনায় গ্যাস বণ্টন করতে হচ্ছে। তাই এ মুহূর্তেই আবাসিকে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। তবে পর্যাপ্ত পরিমাণ গ্যাস পেলে পরবর্তীতে আবাসিকেও সংযোগ দেওয়া হবে। সরকার আবাসিক গ্রাহকদের গ্যাসের দাম বাড়ায়নি, উলটো ৬০ টাকার গ্যাস ৩০ টাকায় পাচ্ছেন গ্রাহকরা। ভবিষ্যতে শতভাগ আবাসিক গ্রাহকদের প্রিপেইড মিটারের আওতায় আনা হবে। শনিবার সিলেটের জালালাবাদ গ্যাস ক্ষেত্রের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত শুদ্ধাচার বিষয়ক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, গ্যাস সরবরাহের ক্ষেত্রে শিল্পখাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং দেওয়াও উচিত। কারণ শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হলে কর্মসংস্থান ও উৎপাদন বাড়বে। পাশাপাশি বিদ্যুৎখাত ও সার উৎপাদনকারী প্রতিষ্ঠানকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সিলেটে আরও নতুন গ্যাস ও তেলের সন্ধান পাওয়া যাবে বলে আমরা আশাবাদী। জনেন্দ্র নাথ সরকার আরও বলেন, মিটার চালু করা ও এর সক্রিয়তা বৃদ্ধির ব্যাপারে লিখিত নোটিশ না দেওয়া পর্যন্ত গ্রাহকদের বাসায় মিটার লাগানো যাবে না। কোন খাতে কত টাকা লাগবে তা গ্রাহকদের স্পষ্ট জানাতে হবে। পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে উপস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক ফারজানা রহমান। মতবিনিময় সভায় পেট্রোবাংলার মহাব্যবস্থাপক প্রকৌশলী বিশ্বজিৎ সাহা স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মো. হাফিজুর রহমান চৌধুরী, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জসিম উদ্দিন, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মিজানুর রহমান ও জালালাবাদ গ্যাস ক্ষেত্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী।