বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের সম্ভাবনা


বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের সম্ভাবনা
শেষ পর্যন্ত বৃষ্টির কাছে হার মানতেই হলো। বিরুপ আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি। নিউজিল্যান্ডে প্রথমবার সিরিজ জয়ের অপেক্ষা তাই বাড়ল বাংলাদেশের। মঙ্গানুইয়ে শুক্রবার টিম সাইফার্ট ঝড় থামিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ তখন বাংলাদেশের অনুকূলে। এমন সময় হানা দেয় বৃষ্টি। ১১ ওভারে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান তখন ৭২। ড্যারিল মিচেল ২৪ বলে ১৮, গ্লেন ফিলিপস ১৪ বলে ৯ অপরাজিত ছিলেন। প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে তাই অন্তঃত হারতে হচ্ছে না নাজমুল হোসেন শান্তর দলকে। প্রথম ম্যাচের মতো টস জিতে বোলিং নেন নাজমুল। দ্বিতীয় ওভারেই সাফল্যের দেখা পায় বাংলাদেশ। নিজের দ্বিতীয় বলে ফিন অ্যালেনকে ক্যাচ বানান শরিফুল ইসলাম। সাইফার্টকে আউট করেন তানজিম। মিড অফ থেকে বাম দিকে অনেকটা পথ দৌড়ে নিরাপদে ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। ৬ চার ও ১ ছক্কায় ২৩ বলে ৪৩ রান করে ফিরেন সাইফার্ট। প্রথম টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া লিটন দাসের জায়গায় এদিন সুযোগ পান শামীম হোসেন। সিরিজ নির্ধারণী ম্যাচটি এই মাঠেই, রোববার। সেই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড: ১১ ওভারে ৭২/২ (অ্যালেন ২, সাইফার্ট ৪৩, মিচেল ১৮*, ফিলিপস ৯*; মেহেদি ২-০-১৫-০, শরিফুল ২-০-১৬-১, তানজিম ২-০-১৫-১, মুস্তাফিজ ২-০-১৬-০, রিশাদ ৩-০-১০-০) ফল: ম্যাচ পরিত্যক্ত