রাজনীতির মাঠে টেস্ট ক্রিকেট খেলতে চান সাকিব


রাজনীতির মাঠে টেস্ট ক্রিকেট খেলতে চান সাকিব
জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে বিশাল ব্যবধানে মাগুরা-১ আসন থেকে জেতার পরের দিন ঢাকায় ফিরে টানা দুদিন অনুশীলন করেছেন সাকিব আল হাসান। এবার তিনি সংসদ-সদস্য। মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে ভোটযুদ্ধে জয়ী হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে। সাকিব বুধবার নির্বাচতি সংসদ-সদস্যদের সঙ্গে শপথ গ্রহণ করেছেন। বাংলাদেশের তিন ফরম্যাটের এই অধিনায়ক জানালেন, টেস্ট ক্রিকেটের মতো রাজনীতির মাঠে খেলতে চান তিনি। সংসদ ভবনে শপথ গ্রহণের পর এদিনও সাকিব ছুটে যান মিরপুরে। তড়িঘড়ি করে কিছুটা সময় অনুশীলন করে আবার বেরিয়ে যান স্টেডিয়াম থেকে। বিপিএলের আগে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে মরিয়া এই অলরাউন্ডার। সংসদ ভবনে শপথ গ্রহণের পর সাংবাদিকদের সাকিব বলেন, ‘দীর্ঘমেয়াদে কাজ করার যদি সুযোগ পাই, তাহলে সেভাবে কাজ করে যেতে চাই। মানুষ যেভাবে ভালোবেসেছে, তার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। টেস্ট ম্যাচ মনে করে খেলতে হবে। সেজন্য আমি প্রস্তুত আছি।’ তিনি বলেন, ‘রাজনীতির মাঠে এক নম্বর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জায়গা কেউ নিতে পারবে না। তার কাছ থেকে শিক্ষা নিয়ে যদি আমি কাজ করতে পারি সেটাই আমার জন্য যথেষ্ট হবে।’ সংসদ-সদস্যের বাইরে সাকিবকে যদি অন্য কোনো বাড়তি দায়িত্ব দেওয়া হয়। সেটা নিতে প্রস্তুত তিনি। বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচের পর ইনজুরির কারণে ছিটকে যান সাকিব। এরপর খেলতে পারেননি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজে। ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন তিনি ঢাকায় ফিরে মিরপুরে অনুশীলনে নেমে পড়েন। মঙ্গলবার বিপিএলে নিজের দল রংপুর রাইডার্সের অনুশীলনে যোগ দেন।