নৌকার সমর্থন করায় হাতুড়ি দিয়ে ভেঙে দিল দুই ভাইয়ের পা!
অনলাইন নিউজ ডেক্স
কুষ্টিয়া -৪ আসনে নির্বাচন পরবর্তী সহিংসতার উত্তাপে পুড়ছে নৌকার সমর্থকরা। প্রায় প্রতিদিন স্বতন্ত্র ট্রাকের সমর্থকদের হামলা ও লুটপাটে দিশেহারা হয়ে পড়েছে তারা। শুক্রবার ভোরে কুমারখালীর কয়া ইউনিয়নের বেলঘড়িয়া জেলেপাড়ায় ট্রাকের সমর্থকরা হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছে নৌকার সমর্থক দুই ভাইয়ের।
আহত নৌকার সমর্থকের দাদী গোলাপি বেগম জানান, এমপি নির্বাচনে নৌকা হেরে যাওয়ার পর থেকে ট্রাকের সমর্থকরা বিভিন্নভাবে তাদের হুমকি দিচ্ছিলেন। শুক্রবার সকাল ৬টার দিকে ট্রাকের সমর্থক স্থানীয় খালেক মেম্বারের ছেলে রিপন ও শিপনের নেতৃত্বে ১৫-২০ জন তাদের বাড়ি ঘিরে ফেলে ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় ঘরের মধ্যে ঢুকে তার দুই নাতি জিয়া ও আলতাফকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। ঘরের মধ্যে ঢুকতে গেলে তাকে বাধা দেয় হামলাকারীরা। বাইরে থেকে তিনবার গুলির শব্দ শুনেছেন বলে জানান। পরবর্তীতে স্বজনরা আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন।
আহত আলতাফ জানান, নৌকা হেরে যাওয়ার পর থেকেই নানা ধরনের সমস্যা সৃষ্টি করছিল ট্রাকের সমর্থক খালেক মেম্বারের ছেলেরা। শুক্রবার সকালে হঠাৎ তারা ১৫-২০ জন বাড়িতে এসে ভাঙচুর করে।তাদের দুইভাইকে মারপিট করে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙে দেয়।
কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি। পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে। নির্বাচনকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
