বাইকে তিন বন্ধু, ট্রাকের সঙ্গে সংঘর্ষে সবাই নিহত


বাইকে তিন বন্ধু, ট্রাকের সঙ্গে সংঘর্ষে সবাই নিহত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মালবাহী ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। নিহতরা সবাই মোটরসাইকেলচালক ও আরোহী। সোমবার বিকাল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা জালাল আহাম্মদের ছেলে নুরুল আবছার (৩৫), একই উপজেলার চুনতি ইউনিয়নের সোলতান বাপেরপাড়ার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে জোবাইর (২৫) ও রাঙ্গুনিয়া উপজেলার দাইমারহাট এলাকার বাসিন্দা মো. বাবুলের ছেলে জাহেদ (২৭)। দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মুহাম্মদ এরফান জানান, তিন বন্ধু বাইকে চড়ে যাচ্ছিলেন। উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় মালবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ট্রাকচাপায় পিষ্ট হয়ে তিনজনই ঘটনাস্থলে মারা যান। ওসি জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পুলিশের হেফাজতে আছে। নিহতদের পরিবার যেভাবে চাইবে সেভাবেই আইনগতভাবে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।