সগিরা মোর্শেদ হত্যা: রায় প্রস্তুত হয়নি


সগিরা মোর্শেদ হত্যা: রায় প্রস্তুত হয়নি
রাজধানীর সিদ্ধেশ্বরীতে পারিবারিক দ্বন্দ্বে সগিরা মোর্শেদকে গুলি করে হত্যার রায় প্রস্তুত হয়নি। এ কারণে প্রায় তিন যুগ আগের এই মামলার রায় পিছিয়ে গেছে। ঢাকার বিশেষ দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইনের আদালতে বৃহস্পতিবার চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় বিচারক আগামী ২০ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেন। বাদীপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ এ তথ্য জানিয়েছেন। সগিরার ভাসুর ডা. হাসান আলী চৌধুরী (৭১), জা সায়েদাতুল মাহমুদা ওরফে শাহিন (৬৫), শ্যালক আনাছ মাহমুদ রেজওয়ান (৬০), মারুফ রেজা (৬০) ও মন্টু মন্ডল ওরফে মিন্টু এ মামলার আসামি। তাদের মধ্যে আনাস মাহমুদ এবং মারুফ রেজা কারাগারে, অন্যরা জামিনে। রায়ের জন্য কারাগারে থাকা আসামিদের এদিন আদালতে হাজির করা হয়। কিন্তু রায় পিছিয়ে যাওয়ায় তাদের আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। গত ২৫ জানুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আলোচিত মামলাটি রায়ের দিনক্ষণ ঠিক করা হয়। বাদীপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, আসামিদের সর্ব্বোচ্চ শাস্তি হবে বলেই তারা আশা করছেন। অন্যদিকে আসামিদের অন্যতম আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেছেন, অভিযুক্তরা খালাস পাবেন বলেই তার বিশ্বাস। আসামিপক্ষে আরও ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, এহসানুল হক সমাজী। ১৯৮৯ সালের ২৫ জুলাই ভিকারুননিসা নূন স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে সিদ্ধেশ্বরী রোডে মোটরবাইকে আসা আততায়ীর গুলিতে নিহত হন সগিরা মোর্শেদ। ওই দিনই রমনা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন সগিরা মোর্শেদের স্বামী সালাম চৌধুরী।