জাতীয় ঈদগাহে একসঙ্গে কতজন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন?


জাতীয় ঈদগাহে একসঙ্গে কতজন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন?
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাকি যেটুকু কাজ রয়েছে, তা একদিনের মধ্যেই শেষ হবে। অন্যদিকে চলতি বছর জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাতে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএসসিসি মেয়র। মেয়র তাপস বলেন, এখানে ৩৫ হাজার মুসল্লির জামাতের ব্যবস্থা করা হয়েছে। নারীদের জন্যও নামাজের ব্যবস্থা করা হয়েছে। আমরা সকল প্রকার কার্যক্রম প্রায় সম্পন্ন করেছি। ঢাকাবাসীকে ঈদের দিনে পরিবার-পরিজন নিয়ে জাতীয় ঈদগাহে এসে জামাতে অংশ নেওয়ার এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ঈদের দিনে আমরা আশা করছি কোনো ধরনের বৃষ্টি হবে না। আবহাওয়া অধিদপ্তর থেকে সেরকম তথ্য পেয়েছি। তবে কালবৈশাখী ঝড় অথবা প্রবল বৃষ্টিপাত হলেও যেন জাতীয় ঈদগাহে সুষ্ঠুভাবে জামাত অনুষ্ঠিত হয়, সেই ব্যবস্থা করা হয়েছে। দুর্ভোগ এড়াতে পুরো অংশ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্রতিবারের মতো এবারও জাতীয় ঈদগাহে জামাতে জায়নামাজ ও ছাতা ছাড়া অন্যকিছু আনার সুযোগ নেই। এ বিষয়ে মেয়র তাপস বলেন, মুসল্লিরা জায়নামাজ ও ছাতা আনতে পারবেন। তবে দিয়াশলাইসহ আগুন জ্বালানোর কোনো সরঞ্জাম নিয়ে জামাতে প্রবেশ না করার অনুরোধ জানান তিনি।