চট্টগ্রামে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল


চট্টগ্রামে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত, পঙ্গু ও গ্রেপ্তার হওয়া সবার স্মরণে এবং ‘গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল শুরু করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শুক্রবার (২ আগস্ট) জুমা নামাজের শেষে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা জামে মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নগরের আন্দরকিল্লা মোড় থেকে কোতোয়ালি হয়ে নিউ মার্কেটের দিকে যাত্রা শুরু করে। আন্দোলনকে ঘিরে আন্দরকিল্লা মোড়সহ নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা যায়। আন্দরকিল্লা মোড়ে পুলিশের সামনে গিয়ে অনেকেই \'ভুয়া, ভুয়া\' স্লোগান দেন তারা। তবে পুলিশ ছিল শান্ত। প্রায় আধাঘণ্টা আন্দরকিল্লা মোড়ে জমায়তের পর মিছিল নিয়ে তারা লালদীঘি ময়দানের দিকে চলে যান। সেখান থেকে পরে নিউমার্কেট মোড়ে গিয়ে বিক্ষোভ মিছিল করেন। এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিলের ডাক দেন। তিনি তাদের কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, বুদ্ধিজীবী, সাংস্কৃতিককর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, আলেম-ওলামা, শ্রমিক, অভিভাবকসহ চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানান। সেই ডাকে সাড়া দিয়ে হাজারো মানুষ অংশ নেন।