বইমেলায় এই প্রথম ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টল
সাহিত্য ডেক্স
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এই প্রথম অমর একুশে গ্রন্থমেলায় স্টল বরাদ্দ নিয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গনে ভাষা শহীদদের ভাস্কর্যের পাশে ৭৩ নম্বর স্টলটিই হচ্ছে ডিআরইউ’র। আগামী ২ ফেব্রুয়ারি বিকেল ৪টায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রিপোর্টার্স ইউনিটি’র স্টল উদ্বোধন করবেন বলে আজ ডিআরইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, অমর একুশে’র বইমেলায় ডিআরইউ’র নামে বরাদ্দকৃত স্টলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র নিজস্ব প্রকাশনা রিপোর্টার্স ভয়েস, প্রতিষ্ঠাবার্ষিকী’র স্মরণিকা, নারী দিবসের বিশেষ প্রকাশনা, সেরা রিপোর্ট-এর সংকলন ছাড়াও বিভিন্ন প্রকাশনী সংস্থা থেকে প্রকাশিত সদস্যদের বই প্রদর্শনের জন্য রাখা হবে। সংগঠনের সকল সদস্যকে জানানো যাচ্ছে যে, ইতোমধ্যে কারো কোনো বই প্রকাশিত হয়ে থাকলে একুশে’র বইমেলায় প্রদর্শনের লক্ষ্যে তা ডিআরইউ’র স্টলে জমা দেয়ার জন্য ডিআরইউ’র পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।