গোপালগঞ্জে ডাকাতের ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত

প্রকাশিতঃ এপ্রিল ৯, ২০২৩ | ৪:০০ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

গোপালগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতের ছুরিকাঘাতে কেয়ারটেকার আহাদ আলী(৪৫) নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়েছেন বাড়ির মালিক লন্ডন প্রবাসী শেখ মুরাদ হোসেন (৬৫)। আহত শেখ মুরাদ হোসেনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশের সব ক’টি শাখা তদন্তকাজ শুরু করেছে। রোববার ভোর রাতে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহাদ আলীর বাড়ি কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে। আহত প্রবাসী শেখ মুরাদ হোসেন জানান, ভোর রাত ৩ টার দিকে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল তার বাড়িতে ডাকাতি করতে যায়। ডাকাত দলের সদস্যরা বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও ল্যাপটপ নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ডাকাত দলের সদস্যদের বাধা দিতে গেলে তাকে ও কেয়ারটেকার আহাদ আলীকে ছুরিকাঘাত করে তারা। এতে কেয়ারটেকার আহাদ আলী ঘটনাস্থলে মারা যাযন । খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। স্থানীয়রা জানায়, লন্ডন প্রবাসী শেখ মুরাদ হোসেন কেয়ার টেকারকে নিয়ে বাড়িতে থাকতেন। মুরাদ হোসেন প্যারালাইসিসে আক্রান্ত।গত ৩ মাস ধরে তিনি বাড়িতে অবস্থান করছেন। বাড়ির গরুর খামার ও অসুস্থ মালিককে কেয়ারটেকার আহাদ আলীই দেখাশোনা করতেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মো.জাবেদ মাসুদ জানিয়েছেন, এ ঘটনাকে পুলিশ প্রাথমিকভাবে ডাকাতি হিসেবে দেখছে। ইতিমধ্যেই সেভাবেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তু শুরু করেছে পুলিশ।