কয়েকদিন আগেও দেশের ৯০ শতাংশ এলাকায় ছিল তাপদাহের দাপট। ধীরে ধীরে কমছে তাপপ্রবণ এলাকা, কমছে তাপমাত্রাও। তবে কয়েকটি জেলায় তাপমাত্রা রেকর্ড ছাড়াচ্ছে। রাজধানীতে তিন দিন ধরেই তাপমাত্রা কমার প্রবণতা থাকলেও কমছে না অস্বস্তিকর গরম। গতকাল বুধবার সকালে ঢাকার আকাশে কোনো কোনো সময় মেঘের আনাগোনা দেখা গেলেও মুহূর্তেই হার মানে রোদের কাছে। এদিন ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের চার জেলায় এখনও প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া চার বিভাগের বিভিন্ন জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।
চুয়াডাঙ্গা ও পাবনার ঈশ্বরদীতে গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন দুই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে চুয়াডাঙ্গায় এটিই সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে, সিলেট ও রংপুরের কয়েকটি এলাকায় স্বস্তির বৃষ্টি ঝরেছে। ভারত থেকে সিলেট, ময়মনসিংহ ও রংপুর দিয়ে মেঘ বাংলাদেশে ঢুকছে। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা তিন দিনে আরও কমতে পারে, তবে মিলবে না স্বস্তি।
চাঁদ দেখার সাপেক্ষে আগামী শনি কিংবা রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আগ্রহ অনেকের। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল শুক্রবারের পর ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। শনি ও রোববার দেশের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও তাপদাহ কমতে আরও সময় লাগবে। অর্থাৎ, ঈদের আগে বৃষ্টি শুরু হলেও স্বাভাবিক আবহাওয়ায় ফিরে যেতে আরও এক সপ্তাহের বেশি সময় লাগতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, আগামীকাল শুক্রবার থেকে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
এদিকে দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ আগামীকাল শুক্রবার দেখা যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ হিসাবে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে শনিবার। ঈদুল ফিতরের দিন ঠিক করতে শুক্রবার সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
অধিদপ্তরের চাঁদের স্থানাঙ্ক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার চন্দ্রতিথির দ্বিতীয়ায় অবস্থান করবে চাঁদ। তখন চাঁদের বয়স থাকবে ১ দশমিক ৩৪০৫ দিন। এদিন সূর্যাস্তের সময় চাঁদের অ্যালটিটিউড থাকবে ১৬ ডিগ্রিতে। ফলে এদিন গোধূলির পর বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ বজলুল রশিদ বলেন, আমরা প্রতি মাসে চাঁদের স্থানাঙ্ক প্রতিবেদন প্রকাশ করি। শাওয়াল মাসের চাঁদ কবে দেখা যেতে পারে, বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের আলোকে আমরা তা জানিয়েছি। তবে ঈদ কবে হবে, সে সিদ্ধান্ত নেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
এ বছর সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) এক পূর্বাভাসে জানিয়েছে, বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর পালন করা হতে পারে শনিবার।
গতকালও দিনাজপুর, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। পঞ্চগড়, রংপুর, নীলফামারী, মৌলভীবাজার, রাঙামাটি ও বান্দরবান জেলা এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে গেছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এসব জেলায় ঈদের দিনও আবহাওয়ার সুখবর নেই। ঈদে তাপদাহের সামান্য কিছু উন্নতি হলেও জনজীবন অতিষ্ঠ হওয়ার মতো তাপমাত্রা থাকবে।
এদিকে রাজশাহীর তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছেই না। গতকালও রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল মাত্র ১৬ শতাংশ। তীব্র গরমে অতিষ্ঠ মানুষ বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করেছেন। গতকাল সকাল সাড়ে ৯টায় রাজশাহী নগরীর তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামে এ নামাজের আয়োজন করা হয়।