কৌশলী প্রচারণায় নাটোর সিংড়া সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা

প্রকাশিতঃ মে ২, ২০২৩ | ১০:৩৩ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিংড়া উপজেলা সংসদীয় আসনের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপ্রত্যাশীরা নানা কৌশলে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমে পড়েছেন। জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তারা। সরেজমিন দেখা গেছে, সিংড়া আসনের গুরুত্বপূর্ণ স্থানের মোড়ে মোড়ে প্রার্থীদের ছবি সংবলিত পোস্টার-ব্যানার ঝুলছে। সম্ভাব্য প্রার্থীরা যোগ দিচ্ছেন সভা-সমাবেশে। কেন্দ্রের সঙ্গেও যোগাযোগ বাড়িয়েছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা তো আছেই। এ ছাড়া কুলখানি, বিয়ে, ওয়াজ মাহফিল এবং পূজার মতো বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমেও ভোটারদের সঙ্গে চলছে কৌশলী গণসংযোগ। বিএনপি বিভিন্ন দাবিতে আন্দোলন অব্যাহত রাখায় এখনই নির্বাচনের সিদ্ধান্ত নিতে চায় না তারা। তবে তারা নির্বাচনে অংশ নিলে কোন আসনে কে প্রার্থী হবেন তা মোটামুটি নিশ্চিত। জাতীয় পার্টির ভোটকেন্দ্রিক কোনো তৎপরতা নেই। ভোটের মাঠে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত থাকলেও নির্বাচনকেন্দ্রিক তৎপরতা শুরু করেছেন কেবল আওয়ামী লীগের প্রার্থীরা। চলনবিল অধ্যুষিত নাটোরে সিংড়া উপজেলা ১৯৭৩ সালের পর প্রথমবারের মতো নির্বাচনে বর্তমান এমপি এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিজয়ের মাধ্যমে আসনটি বিএনপি জোটের হাতছাড়া হয়। গত ২০০৮ সালের নির্বাচনে এলাকার সন্তান হিসেবে সবার মণিকোঠায় জায়গা করে বিপুল ভোটে নির্বাচিত হন সাবেক ভিপি, চৌকস বক্তা এবং তৎকালীন সময়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক জুনাইদ আহমেদ পলক। নবম সংসদের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সংসদ সদস্য ও সরকারের মন্ত্রিসভার সদস্য হয়ে এলাকার ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন জুনাইদ আহমেদ পলক। আওয়ামী লীগের সংক্ষিপ্ত পরিসংখ্যান মোতাবেক ৩৭ বছরের তুলনায় বিগত সাড়ে চৌদ্দ বছরে সিংড়ায় সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। বিশেষ করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল-কলেজের ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। তাছাড়া এ আসনে স্বাধীনতার পর প্রথম মন্ত্রী পেয়েছে চলনবিলের মানুষ। বর্তমানে নিজ এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বলা হচ্ছে, সিংড়ার একচ্ছত্র অধিপতি তিনি। এবারো জুনাইদ আহমেদ পলক মনোয়ন চাইবেন । এছাড়াও এখানে আওয়ামী লীগের মনোনয়ন চাইতে পারেন সিংড়া পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের পর পর দুইবার নির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। এদিকে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি থেকে মহাজোটের মনোনয়ন চাইবেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি প্রকৌশলী আনিসুর রহমান। ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান । এ আসনে বিএনপির প্রার্থী তালিকায় রয়েছে প্রায় এক ডজন মনোনয়ন প্রত্যাশী। সবাই ছুটছেন হাইকমান্ডের কাছে। নির্বাচনে সবাই দলীয় মনোনয়নে আশাবাদী। তিনবারের সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ এ আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইবেন। তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দমদমা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু , বর্তমানে উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ, জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন , জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ স¤পাদক ও সুপ্রীমকোর্টের আইনজীবী এ্যাডভোকেট এম ইউসুফ আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডাঃ নজরুল ইসলাম, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান রয়েছেন সম্ভাব্য প্রার্থী তালিকায়।