নদী দখল-দূষণ করছে সরকারঘনিষ্ঠরা: ফখরুল

প্রকাশিতঃ মে ৫, ২০২৩ | ৫:৪৩ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার উন্নয়নের ঢাকঢোল বাজালেও দেশের নদীগুলো রক্ষায় কোনো উদ্যোগ নিচ্ছে না। অব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবে দেশের নদীগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। যারা নদী দখল-দূষণ করছে, তারা সরকারঘনিষ্ঠ।’ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। বিএনপির উদ্যোগে আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন: বাংলাদেশ ও নদী’ শীর্ষক এই সেমিনারে সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল আরও বলেন, ‘তিস্তা নদীর পানি না পেয়ে দেশের একটা অঞ্চল মরুভূমি হয়ে যাচ্ছে, কিন্তু সরকার একটা শব্দও বলছে না। একসময়ের প্রমত্ত বুড়িগঙ্গা এখন মৃতপ্রায়, দুর্গন্ধে নদীর পাশ দিয়ে হাঁটা যায় না। এ সরকারের একটাই লক্ষ্য, ক্ষমতায় টিকে থাকা; দেশের জনগণের ভবিষ্যৎ সুন্দর করার কোনো আগ্রহ তাদের নেই।’ তিনি বলেন, ‘তুরাগ নদের পাশে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রশ্রয়ে-সহযোগিতায় নদের ওপরে ক্লাব গড়ে উঠেছে। তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। বিএনপি সরকার পলিথিন নিষিদ্ধ করেছিল, টু-স্ট্রোক ইঞ্জিন নিষিদ্ধ করেছিল। ফলে ঢাকার দূষণ কমেছিল। কিন্তু এখন এগুলোর গুরুত্ব না থাকায় ঢাকা এখন বিশ্বের অন্যতম দূষিত শহর।’ ‘দেশের মানুষকে টিকে থাকতে হলে, সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে দেশে গণতন্ত্রের বিকল্প নেই’ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্র নেই বলেই সরকারের জবাবদিহি নেই। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলে আন্তনদী নিয়ে যেসব সমস্যা, সেগুলো বিশ্বপরিমণ্ডলে তুলে ধরতে পারব।’ সেমিনারে প্রধান আলোচকের বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এতে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত মওদুদ আহমেদের সহধর্মিণী হাসনা জসীমউদ্দীন মওদুদ।